
মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব প্রদান করেছেন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
শোকবার্তায় উপাচার্য আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী, যা তাকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
আরও পড়ুনঃ সাবেক-বর্তমানের মিলনমেলায় প্রাণবন্ত রাজশাহী কলেজের বাংলা বিভাগ
তিনি বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তার ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।



