spot_img

― Advertisement ―

spot_img

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এর শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)–এর শিক্ষার্থীরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সমবেত হন।

মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা “আমার বোনকে ধর্ষণ করে প্রশাসন কী করে”, “ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই”, “দিনদুপুরে ধর্ষণ করে প্রশাসন কী করে” এবং “দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে”—এসব স্লোগান দেন। কর্মসূচিতে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, শাখা বৈছাআ’র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফারিসসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, ১৫ দিন আগের একটি ধর্ষণ ঘটনার বিচার দাবিতে এখনো রাস্তায় নামতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। তার দাবি, অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে রয়েছে কি না, তা স্পষ্ট করা হোক এবং সংশ্লিষ্ট দল কী পদক্ষেপ নিয়েছে তা জনগণের সামনে প্রকাশ করা হোক। অন্যথায় জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

শাখা বৈছাআ’র যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস বলেন, কিছু রাজনৈতিক কর্মী অতীতে ভিন্ন দলে যুক্ত থাকলেও বর্তমানে বিভিন্ন অপকর্মে জড়াচ্ছেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, ধর্ষণের বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজ তা মেনে নেবে না। ১৯৯৬ সালের ইয়াসমিন হত্যা মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ধর্ষণের মতো ঘটনায় সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তার রাজনৈতিক পরিণতিও ভালো হবে না।

আরও পড়ুনঃ ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন, ধর্ষণের বিচার দাবিতে বারবার রাজপথে নামতে হলেও আইনের শাসনে দৃশ্যমান পরিবর্তন আসছে না। ক্ষমতার পালাবদল হলেও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অতীতে যেমন সাধারণ মানুষের ওপর নির্যাতন হয়েছে, বর্তমান সময়েও যদি তা অব্যাহত থাকে, তাহলে তা মেনে নেওয়া হবে না। তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত ১৫ দিন আগে নরসিংদীতে ছয়জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার না হওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে স্থানীয়দের দাবি। পরবর্তীতে ১৫ দিন পর একই চক্র কিশোরী আমেনাকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে যায় এবং পুনরায় সংঘবদ্ধ ধর্ষণের পর তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।