
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বইমেলা। এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ।
সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে কলেজ গ্রন্থাগারের সামনে বসছে এই বইমেলা। আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
মেলায় অংশ নেবে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান। পাশাপাশি স্থানীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনও এতে যুক্ত থাকবে। বইমেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, সাহিত্য আড্ডা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ফলে পুরো পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
বইমেলা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিজভী আহমেদ রোমান বলেন, নিজ কলেজে বইমেলা হওয়া সত্যিই অন্যরকম এক অনুভূতি। বইমেলা মানেই শুধু বই নয়, নতুন চিন্তা ও নতুন অনুভব। এমন আয়োজনের জন্য আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করি।
আরও পড়ুনঃ ইবির ‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষা, উপস্থিতি ৯২ শতাংশ
আয়োজক কমিটির আহ্বায়ক শাইখ তাসনীম জামাল বলেন, আমরা চাই এই মেলাটি কবি-সাহিত্যিক ও পাঠকদের একটি মিলনমেলায় পরিণত হোক। এবারের মেলায় ২৬টি স্টলে বিভিন্ন ধরনের বই থাকবে। সাহিত্য ও কাব্যগ্রন্থের পাশাপাশি শিশুদের জন্য আলাদা স্টলেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও সাংস্কৃতিক আয়োজনও থাকবে।
তিনি আরও বলেন, রাজশাহীর পাঠকদের চাহিদা ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যেই মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই বইমেলা জ্ঞানপিপাসুদের আরও বইমুখী করবে এবং আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।



