

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর এক শিক্ষার্থীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগদ অর্থ ওই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।
জানা গেছে, শিক্ষার্থীটির বাবা নেই। তিনি মা ও এক ভাইকে নিয়ে সংসার চালাচ্ছেন এবং জীবিকার তাগিদে টিউশনি করে পরিবারের খরচ বহন করছেন। স্বাবলম্বী হওয়ার লক্ষ্য নিয়ে নিজ এলাকায় একটি ছোট ঝালমুড়ির দোকান দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি।
সহায়তা গ্রহণের পর ওই শিক্ষার্থী জানান, এই অর্থ তার উদ্যোক্তা হওয়ার পথে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। তিনি বলেন, “ছোট পরিসরে হলেও নিজের পায়ে দাঁড়াতে চাই এবং পরিবারের জন্য একটি স্থিতিশীল আয়ের ব্যবস্থা করতে চাই।”
এ বিষয়ে ছাত্রদল নেতা মো. শাহরিয়ার হোসেন বলেন, “সমাজের অসচ্ছল ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে তরুণরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পায়।”
আরও পড়ুনঃ জবিতে আন্তর্জাতিক শিক্ষা মেলা সফলভাবে সম্পন্ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, সংগঠন সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও স্বাবলম্বী হওয়ার উদ্যোগকে উৎসাহিত করে। তিনি জানান, সামাজিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।