

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ চট্টগ্রামের সরকারি সিটি কলেজ-এ গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের ওপর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেখানে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয় এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভিন্ন নামে সংগঠন গড়ে তুলে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, যা প্রতিহত করা হবে। তিনি সতর্ক করে বলেন, যারা নেতৃবৃন্দ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কটূক্তি করবে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
আরও পড়ুনঃ জ্বালানি সংকটে জবিতে সপ্তাহে একদিন অনলাইন ক্লাস
সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, দীর্ঘ সময় ধরে দেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালে কিছু গোষ্ঠী আড়ালে থেকে রাজনীতি করেছে এবং বর্তমানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, ক্যাম্পাসে এ ধরনের কোনো কার্যক্রম মেনে নেওয়া হবে না এবং প্রতিরোধ গড়ে তোলা হবে।
সাবেক সভাপতি ওমর ফারুকও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতৃবৃন্দকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কঠোর অবস্থানের কথা জানান।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।