

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, যদি নিজের ঘরের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি, তাহলে বিশ্ববিদ্যালয়ের জন্য বেশি ইতিবাচক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সমস্যা নিজেদের মধ্যেই সমাধান করা গেলে সেটি প্রতিষ্ঠানের জন্য আরও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (১৬ মে) দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপাচার্য মতিনুর রহমান আরও বলেন, প্রেস এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকার যেমন বদ্ধপরিকর, ইসলামী বিশ্ববিদ্যালয়ে তারই ধারাবাহিকতায় বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে সাংবাদিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। যখন বিশ্ববিদ্যালয়ের পজিটিভ কথা আমরা শুনি, তখন নিঃসন্দেহে আমাদের গর্ববোধ হয়। তবে বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু নেগেটিভ ইম্প্রেশন তৈরি হয়। যেইটি তৈরির আগে আমি তোমাদেরকে অনুরোধ করব, এই জাতীয় কোনো ইনফরমেশন বা ঘটনাপ্রবাহ জাতীয়ভাবে প্রচার করার আগে যদি আমাদের নলেজে নিয়ে আসো, তাহলে আমাদের নিজেদের মধ্যেই সমস্যার সমাধান করতে পারব। যদি আমরা করতে গিয়ে অপারগ হই, তখন হয়তো জিনিসটি নিঃসন্দেহে জাতি এবং দেশের কাছে প্রচার করতে পারো।
আরও পড়ুনঃ প্রাতিষ্ঠানিক ইমেইল হারাচ্ছে জবির ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা
চব্বিশের অভ্যুত্থানকে স্মরণ করে ভিসি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে তাদের স্মৃতিসৌধ রয়েছে। ১৯৫২ সালে যারা ভাষা আন্দোলন করেছেন, তাদের স্মৃতিস্তম্ভ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁরও ভিত্তিপ্রস্তর এখানে রয়েছে। যেদিন এই পূর্ব বাংলা, আজকের বাংলাদেশ মুক্ত হয়েছে, তার জন্যও স্মৃতিস্তম্ভ রয়েছে। তারই ধারাবাহিকতায় জুলাই শহীদদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে স্মৃতিস্তম্ভ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটি খুব শীঘ্রই কার্যকর হতে যাচ্ছে।
এছাড়া বিগত প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির পরিবর্তন বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটির বিষয়ে আমি শুনেছি। তবে অফিশিয়াললি এখনো এড্রেস করিনি। যদি প্রয়োজন হয় পরিবর্তন করা হবে, যদি প্রয়োজন হয় সংযোজন করা হবে। এটিকে ইফেক্টিভ করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করবো।