

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কৃত কোনো শিক্ষার্থী বহিষ্কারকালীন সময়ে ক্লাস, সেমিস্টার কার্যক্রম কিংবা পরীক্ষায় অংশ নিতে পারবেন না—এমন সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
গত ২১ মে বিকেলে উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনার একপর্যায়ে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে নিয়ম-কানুন মেনে চলার প্রবণতা আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের মতে, এর ফলে শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ আরও শক্তিশালী হবে।
আরও পড়ুনঃ জবি প্রেসক্লাবের সভাপতি মুসফিক, সাধারণ সম্পাদক লিমন
প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেটে গৃহীত এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন গণমাধ্যমকে বলেন, “এর আগে সাময়িক বহিষ্কারাদেশ থাকা সত্ত্বেও অনেক শিক্ষার্থী ক্লাস বা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কার বহাল থাকা অবস্থায় কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।”