

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এই সম্মেলনে টেক্সটাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং সাসটেইনেবিলিটির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
শনিবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২০২৬’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অংশগ্রহণকারীদের নিবন্ধন ও কিট বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।
উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সভাপতি ও টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জার্মানির হচ্শুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. ব্যাস্টিয়ান কুয়াটেলবাউম অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়া নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এবং ওলাম ফুড ইনগ্রেডিয়েন্টসের (ওএফআই) হেড অব সায়েন্টিফিক অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স মিশিয়েল কোকেন সম্মেলনে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পাট একটি নবায়নযোগ্য ও প্রাকৃতিক ফাইবার। পাট থেকে কার্পেটসহ বিভিন্ন ধরনের শিল্পপণ্য তৈরি করা হয়। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে এই খাতকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে প্রায় ৬ মিলিয়ন মানুষ কর্মরত রয়েছেন, যার বড় একটি অংশ নারী। এই খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টেক্সটাইল শিক্ষার ক্ষেত্রে বুটেক্স গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশের টেক্সটাইল শিল্পকে পরিবেশবান্ধব বা গ্রিন টেক্সটাইলের দিকে এগিয়ে নিতে হবে। টেকসই ও স্মার্ট টেক্সটাইল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা সম্ভব।
মিশিয়েল কোকেন বলেন, পাট একটি নবায়নযোগ্য ও প্রাকৃতিকভাবে পচনশীল উপাদান, যা সার্কুলার ইকোনমিকে সমর্থন করে। খাদ্য সরবরাহ ব্যবস্থায় টেকসই প্যাকেজিংয়ের জন্য পাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে পাট প্রক্রিয়াজাতকরণের সময় সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণে নির্দিষ্ট নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন।
আরও পড়ুনঃ বিশ্বকাপের আনন্দে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজন সচেতনতা
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, টেক্সটাইল শিক্ষায় বুটেক্স একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। প্রতিবছর এখান থেকে বের হওয়া গ্র্যাজুয়েটরা দেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তবে গবেষণা ও উদ্ভাবনের জন্য আধুনিক ল্যাব, পর্যাপ্ত রিসোর্স এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রয়োজন।
ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে টেক্সটাইল শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। চার বছর পড়াশোনার পর একজন শিক্ষার্থী যেন বাস্তব দক্ষতা অর্জন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টা থেকে বিভিন্ন ধাপে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশনও আয়োজন করা হয়। পরে সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
এবার দেশ-বিদেশের গবেষকদের কাছ থেকে মোট ২৫৮টি গবেষণার সারসংক্ষেপ জমা পড়ে। পরবর্তীতে পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত গবেষণার মধ্যে ৪৮টি মৌখিক উপস্থাপনা এবং ২০টি পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত হয়।