

বুটেক্স প্রতিনিধিঃ ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৮ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। রবিবার (২৮ জুন) সরকারি কর্ম কমিশন (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের ফলাফল প্রকাশ করে।
এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুটেক্স থেকে প্রশাসন ক্যাডারে ৪ জন, পুলিশ ক্যাডারে ৩ জন, কর (ট্যাক্স) ক্যাডারে ৩ জন, তথ্য ক্যাডারে ২ জন, অডিট ক্যাডারে ২ জন, কাস্টমস ক্যাডারে ১ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন, ডাক (পোস্টাল) ক্যাডারে ১ জন এবং আনসার ক্যাডারে ১ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন ৩৭তম ব্যাচের সজীব, ৪০তম ব্যাচের মেহেদী হাসান রাব্বি ও কৃষ্ণ রঞ্জন রায় এবং ৪৩তম ব্যাচের শামীম খান। পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৩৮তম ব্যাচের এইচ এম সাকোয়াফ আশরাফ, ৪৩তম ব্যাচের রাহুল ভৌমিক এবং নূর এ আলম মিয়া।
এছাড়া কর (ট্যাক্স) ক্যাডারে ৩৮তম ব্যাচের জাহিদ হাসান, ৪৩তম ব্যাচের আব্দুস সামাদ ও ৪৪তম ব্যাচের শেখ মোল্লিক অন্তর, কাস্টমস ক্যাডারে ৩৯তম ব্যাচের উজ্জ্বল হোসেন, আনসার ক্যাডারে ৪১তম ব্যাচের পিয়াস খান, তথ্য ক্যাডারে ৪১তম ব্যাচের নাসিম সানি ও ৪৩তম ব্যাচের শাহরিয়ার হোসেন নিরব, অডিট ক্যাডারে ৩৯তম ব্যাচের জাবের হোসেন এবং ৪০তম ব্যাচের মুনিম আল রাইহান, পরিবার পরিকল্পনা ক্যাডারে ৪৩তম ব্যাচের অনির্বাণ মজুমদার এবং ডাক (পোস্টাল) ক্যাডারে ৪০তম ব্যাচের রিয়াদুল ইসলাম সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আরও পড়ুনঃ ২০২৬-২৭ অর্থবছরে জবির ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন
পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত ৩৮তম ব্যাচের শিক্ষার্থী এইচ এম সাকোয়াফ আশরাফ বলেন, “আজ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ও আনন্দের দিন। বাংলাদেশ পুলিশ সার্ভিসে এএসপি হিসেবে মনোনীত হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। দীর্ঘদিনের পরিশ্রম, অসংখ্য নির্ঘুম রাত এবং নিজের স্বপ্নের প্রতি অটল বিশ্বাসের ফলেই এ সাফল্য এসেছে। পরিবারের ত্যাগ, বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “পুলিশ ক্যাডারে যোগদান আমার কাছে শুধু একটি চাকরি নয়, বরং দেশের মানুষের সেবা করার একটি বড় সুযোগ। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ নতুন পথচলায় সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৭ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।