

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের এমফিল গবেষক মো. ফরহাদ হোসেন তাঁর গবেষণার প্রথম সেমিনার উপস্থাপন করেছেন। রোববার (৫ জুলাই) বিভাগের সেমিনার কক্ষে এ গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়।
গবেষণার শিরোনাম ছিল “Assessment of Padma River Dynamics in Bangladesh Using AIS and Remote Sensing Techniques”। গবেষণায় বাংলাদেশে পদ্মা নদীর গতিশীল পরিবর্তন, তীরভাঙন, পলি সঞ্চয়ন এবং নতুন চর গঠনের প্রক্রিয়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নিগার সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মল্লিক আকরাম হোসেন। এছাড়া বিভাগের শিক্ষক, গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ জবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব উন্নয়ন কর্মসূচির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গবেষণা উপস্থাপনায় মো. ফরহাদ হোসেন পদ্মা নদীর সময়ভিত্তিক ও পারিপার্শ্বিক পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এআইএস (AIS) এবং রিমোট সেন্সিং প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন ভৌগোলিক গবেষণা পদ্ধতি ব্যবহার করে নদীর গতিপ্রকৃতি, পলি সঞ্চয়ের ধরণ এবং নতুন চর ও বসতি গঠনের কারণ বিশ্লেষণ করেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের গবেষণা নদী ব্যবস্থাপনা, পরিবেশ পরিকল্পনা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণাটির ফলাফল ভবিষ্যতে পদ্মা নদীকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।