

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিককে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. নঈম আকতার সিদ্দিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাঁর নিজ দায়িত্ব পালনের পাশাপাশি লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন। আগামী ২৬ জুলাই ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি প্রচলিত বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক বলেন, “বিশ্ববিদ্যালয় যে দায়িত্বই আমাকে অর্পণ করুক না কেন, আমি তা সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি। লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনেও একই অঙ্গীকার থাকবে। বিভাগের একাডেমিক পরিবেশ উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং গবেষণার ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”
আরও পড়ুনঃ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করল ইবি ছাত্রদলের নবগঠিত কমিটি
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব কীভাবে সমন্বয় করবেন—এ বিষয়ে তিনি বলেন, “আমার মূল দায়িত্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগেই থাকবে। এর পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। দুই বিভাগের কাজের মধ্যে সমন্বয় রেখে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা থাকবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের মাধ্যমে লোক প্রশাসন বিভাগের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।