

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে সংঘর্ষের ঘটনার পর তিন ছাত্র সংগঠনের ঘোষিত সভা-সমাবেশকে কেন্দ্র করে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র (আইডি কার্ড) বহন বাধ্যতামূলক করা হয়েছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নিরাপত্তাকর্মী, প্রক্টরিয়াল বডির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। ক্যাম্পাসে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। যাদের কাছে আইডি কার্ড নেই, তাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।
আরও পড়ূনঃ রাষ্ট্রবিরোধী গোপন কর্মকাণ্ডের অভিযোগে ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন ছাত্র সংগঠনের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবারের জন্য ক্যাম্পাসের ভেতরে সব ধরনের সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথে অনেক শিক্ষার্থীকে কিছু সময় অপেক্ষা করতে দেখা যায়। তবে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সবসময় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে।