

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিতের উদ্যোগে ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ গত এক বছর ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২০ আগস্ট) পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কসংলগ্ন এলাকায় সংগঠনটির সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাসে ভাসমান ও পথশিশুদের বর্ণমালা পরিচয়, সাধারণ জ্ঞান ও নৈতিক শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মধ্যে খাতা, কলম ও অন্যান্য শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং খেলাধুলার আয়োজন করা হয়।
শিক্ষালয়ের উদ্যোক্তা কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, দারিদ্র্য ও সামাজিক বৈষম্যের কারণে দেশের অনেক পথশিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকে। উপযুক্ত শিক্ষা ও সুরক্ষার অভাবে জীবিকার তাগিদে অনেক শিশুকে অল্প বয়সেই বিভিন্ন কাজে যুক্ত হতে হয়। ফলে সঠিক দিকনির্দেশনা ও শিক্ষার অভাবে তারা বিভিন্ন ঝুঁকির মধ্যে পড়ে।
তিনি বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার। তাই সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। পথশিশুদের মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা আমাদের অন্যতম উদ্দেশ্য, যাতে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে এবং তাদের ব্যবহার করে কেউ অপরাধ সংঘটিত করতে না পারে।”
আরও পড়ুনঃ কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণে ‘জব ফেয়ার’ আয়োজনের দাবি জবি ছাত্র অধিকারের
কাজী জিয়াউদ্দিন বাসিত আরও বলেন, “দেশনেতা তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাজের মূলধারা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে আমরা নিরলসভাবে কাজ করে যেতে চাই। পথশিশুদের সঙ্গে নিয়েই ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করা এবং প্রতিটি শিশুকে আগামীর বাংলাদেশ গড়ে তোলার উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের জন্য এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি তাদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা ও অন্যান্য সহায়তা দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।