

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শুক্রবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেট এলাকায় এ ব্যানার টানানো হয় বলে জানা গেছে।
ব্যানারে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত গ্রেনেড হামলায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে ‘ভয়াল ২১শে আগস্ট’ ও ‘বিনম্র শ্রদ্ধাঞ্জলি’সহ বিভিন্ন লেখা এবং ওই সময়ের হামলার ছবি ব্যবহার করা হয়েছে।
ব্যানারে লেখা হয়েছে, ‘মৃত্যুকে জয় করে এগিয়ে চলা! হে জননেত্রী, সারা দেশ-জাতির রক্ষায় তোমার সহযাত্রী... ভয়াল ২১শে আগস্ট।’ এরপর উল্লেখ করা হয়েছে, ‘জননেত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত ও নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’
এ ছাড়া ব্যানারের ওপরের অংশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আল্লাহ সর্বশক্তিমান’ এবং ‘শিক্ষা, শান্তি, প্রগতি’ লেখা রয়েছে। ব্যানারে ২১ আগস্টের গ্রেনেড হামলার বিভিন্ন ছবি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবিও ব্যবহার করা হয়েছে। ব্যানারের নিচে সৌজন্যে হিসেবে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনঃ সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছেন ছাত্রদল নেতা বাসিত
এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসা বলেন, “২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা এই বাংলাদেশের প্রাণ। শত ষড়যন্ত্র করেও আটকানো যাবে না।”
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ বহু মানুষ হতাহত হন। প্রতিবছর ২১ আগস্ট বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হামলায় নিহত ও আহতদের স্মরণ করা হয়।