

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন অনুষদের বিভিন্ন বিভাগের পূর্ববর্তী বছরের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার পুরোনো প্রশ্নপত্র, কোর্স মেটেরিয়ালস ও নোট কিউআর কোডের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী রফিকুল ইসলাম।
রোববার (২৩ আগস্ট) শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সহজ করা এবং পুরোনো প্রশ্নপত্র সংগ্রহের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়।
উদ্যোক্তারা জানান, আইন অনুষদের বিভিন্ন বিভাগের পূর্ববর্তী বছরের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করে সেগুলো ডিজিটালভাবে সংরক্ষণ করা হয়েছে। পরে শিক্ষার্থীদের সহজে ব্যবহারের সুবিধার্থে কিউআর কোডের সঙ্গে প্রশ্নপত্র ও প্রয়োজনীয় একাডেমিক উপকরণের লিংক যুক্ত করা হয়।
কিউআর কোড ব্যবহারের ফলে শিক্ষার্থীদের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট বিভাগের কাছ থেকে আলাদাভাবে পুরোনো প্রশ্নপত্র সংগ্রহের প্রয়োজনীয়তা কমবে। পাশাপাশি পূর্ববর্তী বছরের প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ বিষয় এবং সম্ভাব্য প্রশ্নের পুনরাবৃত্তি সম্পর্কেও ধারণা নেওয়া সহজ হবে।
আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার আগে পুরোনো প্রশ্নপত্র সংগ্রহ করতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিউআর কোডের মাধ্যমে এক জায়গা থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র পাওয়া গেলে প্রস্তুতির সময় অনেকটাই কমবে।”
আরও পড়ুনঃ ‘প্রজেক্ট সুখল’, সুপারি পাতার খোল থেকে পরিবেশবান্ধব আইডি কার্ড
আরেক শিক্ষার্থী বলেন, “পরীক্ষার প্রস্তুতিতে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো ডিজিটালভাবে সংরক্ষিত থাকায় সহজেই প্রয়োজনীয় প্রশ্ন খুঁজে পাওয়া যাবে এবং পড়াশোনার প্রস্তুতিও আরও গোছানোভাবে নেওয়া সম্ভব হবে।”
উদ্যোগের বিষয়ে কাজী রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে সহজ ও প্রযুক্তিনির্ভর করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার আগে প্রয়োজনীয় প্রশ্নপত্র সংগ্রহ করতে গিয়ে শিক্ষার্থীদের যেন অতিরিক্ত সময় ও ভোগান্তির মুখে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রয়োজন ও চাহিদা বিবেচনায় ভবিষ্যতেও এ ধরনের আরও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।”