

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ সরকারি ব্রজলাল (বি.এল) কলেজ, খুলনায় অনার্স প্রথম বর্ষের (শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি ব্রজলাল (বি.এল) কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি নবীন শিক্ষার্থীকে একটি করে বৃক্ষ, কলম ও ফুল উপহার দেওয়া হয়। পরিবেশের প্রতি দায়িত্ববোধ, শিক্ষার প্রতি আগ্রহ এবং নবীনদের প্রতি আন্তরিক শুভেচ্ছার প্রতীক হিসেবে এসব উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয় এবং তাঁদের কলেজজীবনের সফলতা কামনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীরা গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ কিউআর কোডে জবির পুরোনো প্রশ্নপত্র, উদ্যোগ ছাত্রদল নেতা রফিকুলের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আবদুর রাজ্জাক, শিক্ষক পরিষদ সম্পাদক ভূঁইয়া ইমদাদুল হক, সহ-আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।
এ ছাড়া সরকারি ব্রজলাল কলেজ ছাত্রদল, ছাত্রশিবির, বিভিন্ন ছাত্র প্রতিনিধি, সাংবাদিক সমিতির সদস্য, বিএনসিসি, রোভার স্কাউট এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ নবীনবরণ অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও সহপাঠীদের আন্তরিক যোগাযোগের পাশাপাশি কলেজজীবনের নতুন অধ্যায়কে আনন্দঘনভাবে শুরু করার একটি সুন্দর সুযোগ তৈরি করে।