

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, পূর্ববর্তী ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, ‘রেজিস্ট্রার অফিস হলো বিশ্ববিদ্যালয়ের নার্ভ সেন্টার। একে দক্ষতা, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবা প্রদানের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই।’
আরও পড়ুনঃ জাহাঙ্গীরনগর-বাংলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন জবি
তিনি বলেন, ‘কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেগুলোর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি এবং প্রফেশনালিজম উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।’
দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে রেজিস্ট্রার দপ্তরের সেবার মান নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।