

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন ঋতস্বরের উদ্যোগে ২০২৬ সালের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা ও আন্তরিকতায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস ও সম্পাদক অরিত্রিকা।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে শাকিল বিশ্বাস বলেন, “বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে। আজকের তরুণরাই আগামী দিনে সমাজকে আলোকিত ও সমৃদ্ধ করবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শিক্ষার্থীদের জ্ঞান ও জানার পরিধি আরও বিস্তৃত হবে। এ সময় নবীন শিক্ষার্থীদের সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী শিথী মজুমদার বলেন, “ঋতস্বরের মতো একটি ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের এমন আয়োজনে আমি অভিভূত ও আনন্দিত। আমি বিশ্বাস করি, সংগঠনটি সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় জ্ঞানচর্চার একটি আদর্শ মাধ্যম হয়ে উঠবে। আমি এই সংগঠনের সাফল্য কামনা করছি।”
এ সময় আরও বক্তব্য দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী অপূর্ব বৈদ্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়, জয়জিৎ ও লিখন। বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ জবিতে প্রথমবার ‘স্পেশাল রিসার্চ অ্যাওয়ার্ড’, সম্মাননা পেলেন ৩৪ শিক্ষক
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুবর্ণা গুপ্ত ও বিথী রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ঋতস্বর, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অনিন্দ শুভ্র।
আয়োজনের বিষয়ে ঋতস্বরের প্রতিষ্ঠাতা সদস্য শাকিল বিশ্বাস বলেন, “নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের বিশ্ববিদ্যালয়জীবনের শুরুটিকে আনন্দময় করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।”
নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।