

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ নভেম্বর দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যে দীপ্তপ্রাণ—ঐক্যবদ্ধ জবিয়ান’।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
এরপর জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া চারুকলা অনুষদের উদ্যোগে চিত্রকর্ম প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটির সাংস্কৃতিক আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী নগরবাউল জেমসের পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আরও পড়ুনঃ জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব
সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল ৩টায় বিজ্ঞান ভবন প্রাঙ্গণে। এ পর্বে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও নাট্যকলা বিভাগের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রক্তধুনী এবং ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় কনসার্টে সংগীত পরিবেশন করবেন নগরবাউল জেমস।
বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে আগামী ২ ও ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগে পরীক্ষা না রাখার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় দিবসের দিনব্যাপী আয়োজনকে কেন্দ্র করে জবির সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।