

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ৬২ প্রজাতির দেশি-বিদেশি ফল নিয়ে ‘ফল উৎসব’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এসব ফল বিতরণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে শিক্ষার্থীদের জন্য ক্রীড়াসামগ্রীও বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্যসচিব শামসুল আরেফিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে আর ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সবসময় জাগ্রত রয়েছে।
তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে যেভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, একইভাবে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জাগ্রত থাকতে হবে। যারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে, সে জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুনঃ কোনো ষড়যন্ত্রই সরকারের গণমুখী কার্যক্রম নস্যাৎ করতে পারবে নাঃ ফজলুল হক মিলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও দায়িত্ব পালনকালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এ ধরনের কর্মকাণ্ড দেখে তিনি মুগ্ধ হয়েছেন। সংগঠনটির কর্মস্পৃহা ও সাধারণ শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন আয়োজনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি নিজেও এসব কর্মসূচিতে উপস্থিত থেকে সেগুলো দেখভালের চেষ্টা করেন বলে জানান।
দুই দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে জবি ছাত্রদল। কেরানীগঞ্জে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ৬২টি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।