

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করে।
ইসি জানায়, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় সংস্থার প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছিল। ওই সংস্থাগুলোর বিরুদ্ধে আপত্তি ও অভিযোগ গ্রহণ শেষে চূড়ান্ত যাচাই-বাছাই করে ৬৬ সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে যোগ্য বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে স্থানীয় পর্যবেক্ষক নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করা হয়।
আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে ইসি সচিবালয়ে নির্ধারিত ফরম (ইও-১) দাখিল করতে হবে বলে জানায় কমিশন। নীতিমালা, বিজ্ঞপ্তি ও ফরম ইসির জনসংযোগ শাখা এবং ওয়েবসাইট www.ecs.gov.bd
থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ ছাত্রদল নেতা হাসান উল্লাহ মির্জা অসুস্থ — নেতাকর্মীদের দোয়া প্রার্থনা
এর আগে নাসির উদ্দিন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ২০২৩ সালের পূর্বের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করে। সেইসঙ্গে তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনও বাতিল করা হয়। নির্বাচন সামনে রেখে নতুন কাঠামোতে দেশি সংস্থাগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু করে কমিশন।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই দেশে নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধনের প্রথা চালু হয়। ওই নির্বাচনে ১৩৮টি সংস্থার ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোটপর্যবেক্ষণে অংশ নেন।
চলতি নির্বাচনে পর্যবেক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে ভূমিকা রাখবে বলে আশা করছে নির্বাচন কমিশন।