

আলোকিত দর্পণ, নিউজ ডেস্কঃ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি পূর্ণ মাত্রায় থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। সেই অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফশিল ঘোষণার পরিকল্পনার কথা আগে জানিয়েছিল ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছিলেন—ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের জাতীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে মিটিং করেছি।” তফশিল ঘোষণার প্রসঙ্গে তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফশিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।”
আরও পড়ুনঃ আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর: উদ্বেগ বাড়ছে স্থানীয়দের
তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসি পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেন আখতার আহমেদ। তিনি ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে বলেন, “আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন… নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।”
সাংবাদিকদের নিয়ে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সর্বশেষ সংশোধনীসহ); সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ (সর্বশেষ সংশোধনীসহ) এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১-এর পরিচিতি’ শীর্ষক কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিব। প্রশিক্ষণটির আয়োজন করে ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।