spot_img

― Advertisement ―

spot_img

ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ্য করা হবে না: শেখ রবিউল আলম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি...
প্রচ্ছদজাতীয়ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ্য করা হবে না: শেখ রবিউল আলম

ঈদে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি সহ্য করা হবে না: শেখ রবিউল আলম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক-মহাসড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় কিংবা চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানিয়েছেন, এবারের ঈদযাত্রা আগের চেয়ে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, টিকিটে অনিয়ম কিংবা ঘাট ও টার্মিনালে চাঁদাবাজির কোনো সুযোগ রাখা হবে না। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে পণ্য খালাস না করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধেও সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ সংসদে বিল আকারে তোলা হবে: আইনমন্ত্রী

মন্ত্রী আরও বলেন, ঈদকে কেন্দ্র করে যাত্রীচাপ বেড়ে যায়। তাই আইনশৃঙ্খলা বাহিনী, বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের যাতায়াতে কোনো বিঘ্ন না ঘটে এবং নিরাপত্তা নিশ্চিত থাকে।

এর আগে তিনি নারায়ণগঞ্জ নদী বন্দরে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামো ও ভবনের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে যাত্রীসেবা নিশ্চিত করা, নিরাপত্তা জোরদার এবং বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন।