
ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ২০২৫–২৬ সেশনকে সামনে রেখে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০–২১ বর্ষের শিক্ষার্থী মো. আরিফ হোসাইন। সাধারণ সম্পাদক একই বিভাগের শিক্ষার্থী আবু উবাইদা।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রেস ক্লাবের নিজস্ব কক্ষে (টিএসসির চতুর্থ তলা) সাধারণ সদস্যদের উপস্থিতিতে কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
১১ সদস্যের এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হয়েছেন নওরিন নুর তিষা, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম নিওন, কোষাধ্যক্ষ আবির হোসেন ওমর, সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার, দপ্তর সম্পাদক সাইফুল, প্রচার সম্পাদক সিয়াম এবং গ্রন্থাগার সম্পাদক শিমু আক্তার। কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল কাদের জীবন ও তাহসিন সারা।
সভাপতি মো. আরিফ হোসাইন বলেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ববি প্রেস ক্লাবকে এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। পাশাপাশি সাংবাদিকতা চর্চায় শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রেস ক্লাবকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু উবাইদা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে আগামীর প্রতিশ্রুতি। তিনি জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে ববি প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত করা হবে এবং কোনো উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির সামনে ক্লাব মাথা নত করবে না।
সাংগঠনিক সম্পাদক ডালিয়া হালদার বলেন, তাঁর ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সর্বোচ্চ সততা ও নিষ্ঠা দিয়ে পালন করবেন। সত্য, যৌক্তিকতা ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চান বলে জানান তিনি।



