
ডালিয়া হালদার, ববি প্রতিনিধি: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (২১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল এবং মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ঢাকা দক্ষিণ যুবদলের নেতৃত্বে আলোচনায় জবি ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান
এর আগে গত ১৯ মে ভোলা-বরিশাল মহাসড়কে মাছের পোনাবাহী একটি গাড়ি আটকে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর এবং চালককে মারধরের অভিযোগ ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতার বিরুদ্ধে।
ঘটনার পর বিষয়টি তদন্তের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করে কেন্দ্রীয় ছাত্রদল। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।



