
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ দীর্ঘদিন পর দেশের বিভিন্ন ক্যাম্পাসে সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে রাজশাহী কলেজসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন ডাকসু ভিপি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে আয়োজন করা “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ দাবি জানান।
সাদিক কায়েম বলেন, “রাজশাহী কলেজে ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। আমরা রাজশাহী কলেজের ছাত্র সংসদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে কাজ করব।” তিনি জানান, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনায় মূল ভূমিকা রাখতে পারেন। তাদের মাধ্যমেই আবাসন সংকটসহ শিক্ষার্থীদের সব সমস্যা সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, রাজশাহী কলেজ বাংলাদেশের অন্যতম ‘গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস’ হিসেবে পরিচিতি পেয়েছে। ছাত্র সংসদ থাকলে এই অগ্রযাত্রা আরও সুসংহত হবে।
আরও পড়ুনঃ হলে ফিস্ট-সাংস্কৃতিক অনুষ্ঠান না হওয়ায় ক্ষোভ, আলোচনা সভা বর্জন ইবি ছাত্রদলের
জুলাই বিপ্লবে তরুণ সমাজের ভূমিকা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, “এই তরুণরাই জুলাই বিপ্লব সফল করেছে। তারা ঠিক করেছে—বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ জন্ম নেবে না। তরুণরা দিল্লির আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে এবং এখনো প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি তরুণদের সতর্ক থেকে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন ধরে রাখার আহ্বান জানান।
ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তিনি দাবি করেন, “শিবিরের মতো নিরাপত্তা আর কোনো সংগঠন দেয় না, নারীরাও এ সংগঠনের কাছে সবচেয়ে নিরাপদ।” ব্যক্তিগত জীবনে সফল হতে ইসলামকে অগ্রাধিকার দেওয়া, পিতা-মাতার দোয়া নেয়া এবং অহংকার বর্জন করার পরামর্শ দেন তিনি। “অহংকার আসলে পতন অনিবার্য”—বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোঃ শামীম উদ্দীন ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মোঃ সিফাত উল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম।



