― Advertisement ―

spot_img

বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী কলেজে নববর্ষ বরণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী কলেজে নববর্ষ বরণ

বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী কলেজে নববর্ষ বরণ

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজশাহী কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী কলেজের কেন্দ্রীয় মাঠ থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে আলুপট্টি মোড় প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে আয়োজিত এই শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে তিনি উপস্থিত সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজশাহী কলেজ অত্যন্ত সাড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করেছে। এ আয়োজনে বিভিন্ন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অংশীজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে সমুন্নত রাখতেই প্রতিবছর এ আয়োজন করা হয়। এবার আয়োজন আরও বিস্তৃত করা হয়েছে। চারদিনব্যাপী বইমেলার পাশাপাশি দুই দিনব্যাপী বাণিজ্যিক মেলা এবং সকাল-সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। তিনি সবাইকে সুশৃঙ্খলভাবে উৎসব উপভোগের আহ্বান জানান।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, সাবেক অধ্যাপক মু. যহুর আলী, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. শিখা সরকারসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ।

আরও পড়ুনঃ পুলিশ সংস্কারে স্বাধীন কমিশন গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণিল সাজ শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। ঢাক-ঢোলের তালে, বৈশাখী গানের ছন্দে এবং ফুল, মাছ, পাখিসহ লোকজ সংস্কৃতির নানা প্রতীকে শোভাযাত্রাটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা।

নববর্ষের অনুভূতি প্রকাশ করে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তাহমিদুর রহমান শয়ন বলেন, রাজশাহী কলেজ যেমন শিক্ষাক্ষেত্রে এগিয়ে, তেমনি সাংস্কৃতিক আয়োজনেও অনন্য। পহেলা বৈশাখ আমাদের মনকে রাঙিয়ে তোলে এবং সময়ের সঙ্গে এই উৎসব আরও বিস্তৃত হয়েছে।

দিনব্যাপী বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক পর্ব, বিভিন্ন বিভাগের ও সংগঠনের উদ্যোক্তা মেলা এবং বইমেলার মতো বিশেষ আয়োজনও অনুষ্ঠিত হয়।