
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী কলেজ শাখা ছাত্রদল।
বুধবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের নেতৃত্বে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের নিজ নিজ কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ফুলের তোড়া প্রদান করে নবনিযুক্ত প্রশাসনের প্রতি শুভকামনা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজশাহী কলেজ একাডেমিক গৌরব, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিছুটা পিছিয়ে পড়েছে। এসব বিষয় আগের অবস্থানে ফিরিয়ে আনতে ছাত্রদলের পক্ষ থেকে নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।
তিনি জানান, কলেজ প্রশাসন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর ছাত্রদল কলেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে টিম গঠন করে কাজ করেছে এবং সেই ধারাবাহিকতায় ভবিষ্যতেও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখবে ছাত্রদল।
এ সময় নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তারা কলেজের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়া, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আরও পড়ুনঃ যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতা অপ্রতিরোধ্য, রেলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জুবায়ের রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী এর আগে দীর্ঘদিন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্বে ছিলেন।



