
শেষ পর্যন্ত আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। ২০ দলের অংশগ্রহণে আয়োজিত এই বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
প্রায় এক মাস ধরে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে এ বিষয়ে আলোচনা চললেও বাংলাদেশের অনড় অবস্থানের কারণে কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার সিদ্ধান্ত জানায় আইসিসি। একই সঙ্গে প্রকাশ করা হয় সংশোধিত ম্যাচ সূচি।
আইসিসির বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্টে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসিসি জানায়, এটি একটি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত, যা প্রকাশিত সূচি ও টুর্নামেন্ট পরিচালনার স্বার্থে নেওয়া হয়েছে।
স্কটল্যান্ডকে কেন সুযোগ দেওয়া হলো, সে ব্যাখ্যায় আইসিসি জানায়, বিশ্বকাপে জায়গা পাওয়া দলগুলোর বাইরে থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে টি–টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। তারা ১৪তম স্থানে অবস্থান করছে, যা টুর্নামেন্টে থাকা নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও ইতালির চেয়েও এগিয়ে। এই র্যাঙ্কিং বিবেচনায় নিয়েই স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ বাদ পড়ায় বিশ্বকাপের সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় বসানো হয়েছে স্কটল্যান্ডকে। তবে দিন, তারিখ ও ভেন্যু অপরিবর্তিত রেখে শুধু প্রতিপক্ষের নাম পরিবর্তন করা হয়েছে। ফলে স্কটল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে।
আরও পড়ুনঃ ‘হ্যাঁ’ ভোটে স্বৈরাচার, অনাচার ও লুটপাটের অবসান ঘটবে: প্রেস সচিব
সংশোধিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ইতালি। এরপর ১৪ ফেব্রুয়ারি কলকাতাতেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্কটিশরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে তারা।
এদিকে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। তবে আইসিসির ভার্চুয়াল সভায় ভোটাভোটির সময় পাকিস্তান বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়েছে বলে জানা গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এক সংবাদ সম্মেলনে জানান, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য সব পরিস্থিতির জন্য বিকল্প ‘এ, বি, সি ও ডি’ পরিকল্পনা প্রস্তুত রেখেছে।
বাংলাদেশের মতো একটি পূর্ণ সদস্য দেশ বিশ্বকাপের বাইরে ছিটকে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এ সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।



