spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদখেলাধুলাক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়াসহ সবার সরে দাঁড়ানো উচিত: এড্রিয়ান মেরেডিথ

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়াসহ সবার সরে দাঁড়ানো উচিত: এড্রিয়ান মেরেডিথ

বাংলাদেশকে বাদ দিয়ে ২০২৬ আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের পর আন্তর্জাতিক ক্রিকেটে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বাংলাদেশের পাশে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রীড়া লেখক এড্রিয়ান মেরেডিথ।

এক ফেসবুক পোস্টে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের উচিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো।

এড্রিয়ান মেরেডিথ লেখেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তারা বিবেচনা করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করবেন তিনি। মেরেডিথ মনে করেন, এই মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানো ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা দেবে।

তার ভাষ্য অনুযায়ী, যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করে, তাহলে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন কার্যত অর্থহীন হয়ে যাবে। কারণ, আইসিসি বাংলাদেশের অনুপস্থিতিকে তেমন গুরুত্ব দেবে না। বাংলাদেশ বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দল নয়—এটি আইসিসির দৃষ্টিভঙ্গি। কিন্তু পাকিস্তান একটি শক্তিশালী দল এবং শিরোপার দাবিদার। ফলে পাকিস্তান সরে দাঁড়ালে আইসিসি প্রকৃত চাপের মুখে পড়বে।

তিনি আরও বলেন, এই ইস্যু শুধু বাংলাদেশের একার নয়; এটি সব দলের জন্য গুরুত্বপূর্ণ। নিরাপত্তা নিয়ে একটি দলের তোলা যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করে বরং সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে—যা ভবিষ্যতে যে কোনো দেশের ক্ষেত্রেই ঘটতে পারে। তাই তিনি মনে করেন, কেবল পাকিস্তান নয়, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ সব দলকেই নিরাপত্তা ইস্যুতে প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো উচিত।

আরও পড়ুনঃ বানিয়াচংয়ে মই মার্কার পক্ষে গণসংযোগ, সভা ও মিছিল

এড্রিয়ান মেরেডিথ প্রশ্ন তোলেন, পাকিস্তান যদি সরে দাঁড়ায়, তাহলে আইসিসি কি তাদের শাস্তি দিতে পারবে? তার মতে, পাকিস্তানকে শাস্তি দেওয়ার সাহস আইসিসির নেই। আর পাকিস্তান সরে দাঁড়ালে বাংলাদেশকে শাস্তি দেওয়ার সিদ্ধান্তও টিকবে না। এতে আইসিসির অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

পোস্টে তিনি উল্লেখ করেন, পাকিস্তান আগে একবার বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে। তবে এখন আবার তারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। মেরেডিথের মতে, এই পর্যায়ে এসে পাকিস্তানের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এখন সরে দাঁড়ানোই হবে নৈতিক ও ক্রীড়াসুলভ সিদ্ধান্ত।

শেষে তিনি মন্তব্য করেন, পাকিস্তান যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি সাহসী দৃষ্টান্ত হয়ে থাকবে এবং আইসিসির বিতর্কিত সিদ্ধান্তের কারণে সৃষ্ট ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে। অন্যথায়, বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।