
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিম সভাপতি এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের অনুবাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন), অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়া (সময় জার্নাল ও ক্যাম্পাস ২৪ নিউজ) এবং ইউসুফ আলী দুলাল (অগ্রযাত্রা প্রতিদিন)।
এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি এবং সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম।
অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনি, বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন এবং বিদায়ী অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়াকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে ইউনিটির পক্ষ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুনঃ ব্রজলাল কলেজে ১২তম প্রাণিবিদ্যা অলিম্পিয়াড অনুষ্ঠিত
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান।
এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলী এমপি, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ ম সাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এবং রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী মহানগর ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রশিবির, রাজশাহী কলেজ ছাত্রদল, রাজশাহী কলেজ ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।



