
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ফেনীর সোনাগাজী উপজেলার কৃতি সন্তান ও জুলাইযোদ্ধা হাবিবুর রহমান হাবিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
তার এ মনোনয়নে সোনাগাজী উপজেলা ও ফেনী জেলাজুড়ে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার স্বীকৃতি হিসেবেই তিনি যুবদলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়েছেন।
ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন হাবিবুর রহমান। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য, সহ-অর্থবিষয়ক সম্পাদক এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-স্কুলবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে তিনি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে হাবিবুর রহমানকে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
সোনাগাজী উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বলেন, “আমার প্রতি আস্থা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
আরও পড়ুনঃ বিশ্ব পরিবেশ দিবসে শিক্ষার্থীদের আহ্বান: প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও বটে। দলের আদর্শ এবং ঘোষিত রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী যুবদল গঠনে সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যাতে অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”
হাবিবুর রহমান আরও বলেন, “ফেনী জেলা ও সোনাগাজীবাসীর ভালোবাসা ও সমর্থনই আমার চলার শক্তি। আমি সবসময় জনগণের পাশে থেকে দেশ ও দলের স্বার্থে কাজ করে যেতে চাই।”



