
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগ তুলে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি’, ‘সন্ত্রাসীদের আস্তানা, জগন্নাথে হবে না’ এবং ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১নং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার অভিযোগ করেন, একটি মহল ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। শিক্ষার্থীদের স্বার্থবিরোধী ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।
আরও পড়ুনঃ ৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি
তিনি বলেন, শান্তিপূর্ণ ক্যাম্পাসকে অস্থিতিশীল করার কোনো অপচেষ্টা করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে। বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, সহিংসতা ও দখলদার রাজনীতির কোনো স্থান নেই।
এ সময় ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।



