― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম শূন্য পদে অধ্যাপক হলেন ড. নঈম আক্তার সিদ্দিক

জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম শূন্য পদে অধ্যাপক হলেন ড. নঈম আক্তার সিদ্দিক

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হয়েছে। সহযোগী অধ্যাপক ড. নঈম আক্তার সিদ্দিক অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সৃষ্ট প্রথম শূন্য অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে তিনি নতুন মাইলফলক স্থাপন করেছেন।

গত ২১ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মঙ্গলবার (৯ জুন) তাঁর নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ড. নঈম আক্তার সিদ্দিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাসে শূন্য পদে নিয়োগপ্রাপ্ত প্রথম অধ্যাপক। একই সঙ্গে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মইনুল হকও অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে আসা ড. নঈম আক্তার সিদ্দিক শিক্ষকতার পাশাপাশি গবেষণা ও প্রশাসনিক দায়িত্বেও সুনামের সঙ্গে কাজ করে আসছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সহকারী প্রক্টর ও বিভাগের ছাত্র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষার্থীদের কাছে তিনি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। একাডেমিক পরামর্শ, ব্যক্তিগত সমস্যা সমাধান এবং সহশিক্ষা কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন। বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী আন্দোলনে তিনি সরব ছিলেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেওয়ার কারণে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে তিনি প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুনঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে জবি ছাত্রদলের বিক্ষোভ

একাডেমিক ক্ষেত্রেও ড. নঈম আক্তার সিদ্দিকের রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য সাময়িকী ও গবেষণা জার্নালে তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তাঁর গবেষণা বিশেষভাবে প্রশংসিত।

অধ্যাপক পদে উন্নীত হওয়ায় শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা বলেন, একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে ড. নঈম আক্তার সিদ্দিক সবসময় শিক্ষার্থীদের পাশে থেকেছেন। তাঁর এই পদোন্নতি বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ড. নঈম আক্তার সিদ্দিকের অধ্যাপক পদে নিয়োগকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একাডেমিক অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন শিক্ষক-শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্ব ও গবেষণাধর্মী কর্মকাণ্ড বিভাগের শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করবে।