
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ কনফারেন্সের আয়োজন করা হয়।
বাংলা একাডেমি পরিচালিত ‘ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ প্রকল্পের আওতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. নাসরিন আক্তার ও অধ্যাপক ড. রশিদুজ্জামান।
এছাড়া সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির অতিরিক্ত সচিব সমীর কুমার সরকার এবং ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্প পরিচালক কামাল উদ্দীন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
কনফারেন্সে বক্তারা বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপি সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার মাধ্যমে দেশের সাহিত্য-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ধরনের উদ্যোগ বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মূল্যবান পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংগ্রহে গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
আরও পড়ুনঃ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিল ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগ
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, “বাংলা একাডেমি শুধু বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে কাজ করে না। প্রতিষ্ঠানটি আধুনিক বাংলা অভিধান, আরবি অভিধান ও আরবি সাহিত্যের ইতিহাসসহ বিভিন্ন ভাষা ও বিষয়ের গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছে। আমি মনে করি, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষকদেরও এ ধরনের আয়োজনে সম্পৃক্ত করা হলে বিষয়টি আরও ব্যাপক ও সমৃদ্ধ হতো।”
তিনি আরও বলেন, “বাংলা একাডেমির কর্মকাণ্ড বহুমাত্রিক। তাই বিভিন্ন ভাষা ও শাস্ত্রের গবেষকদের সম্পৃক্ততার মাধ্যমে পাণ্ডুলিপি সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ আরও কার্যকর হতে পারে।”
অনুষ্ঠানে পাণ্ডুলিপি সংরক্ষণ, গবেষণা এবং জাতীয় সাহিত্য-ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।



