
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পাসে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড হাতে ছাত্রশিবিরের একদল নেতাকর্মী কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত একটি সেমিনারে প্রবেশের চেষ্টা করেন। একই সময়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষ শুরু হয়।
দফায় দফায় চলা সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি, ছাত্রশিবির ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অন্যদের ক্যাম্পাস থেকে সরিয়ে দেন। পরে তারা ঘটনাস্থলে অবস্থান কর্মসূচি পালন করেন।
আরও পড়ুনঃ ইবির নবনিযুক্ত উপ-উপাচার্যকে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সংবর্ধনা
সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন নেতাকর্মী ইটের আঘাত ও লাঠিসোটার আঘাতে আহত হন। আহতদের উদ্ধার করে রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।



