
তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জমিয়তে তালাবায়ে আরাবিয়া।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এস এম শামীম, সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ ও সাইফুল ইসলাম আলিফ, সহ-সভাপতি আব্দুল মুন্তাকিম, আহসান হাবীব ও শাকিল আহমেদ এবং সেক্রেটারি খন্দকার আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুনঃ রাজনীতি ও সংস্কৃতি থেকে কুরুচিপূর্ণ চর্চা দূর করতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সংবর্ধনা অনুষ্ঠানে নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ঐতিহ্য পুনরুদ্ধার এবং ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বিত বিকাশের লক্ষ্যে উপ-উপাচার্যের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ইসলামি বিষয়সমূহ পুনরায় চালু করা, বিশ্ববিদ্যালয়কে দ্রুত তার মূল লক্ষ্য ও উদ্দেশ্যের ধারায় ফিরিয়ে নেওয়ার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মুনিরুজ্জামান ইসলামাবাদীর নামে একটি আবাসিক হলের নামকরণ।
এ সময় নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন সংগঠনের নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ বিবেচনায় নিজের অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।



