
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ ভারতের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ডিন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস (DIS) অ্যাওয়ার্ড পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সাবেক শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নাঈম রাজ। বিশ্ববিদ্যালয়ের ভারতীয় থিয়েটার বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষায় নিজ অনুষদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করে প্রথম স্থান অধিকার করায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
সম্প্রতি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২২টি দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঈম রাজের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কারের অংশ হিসেবে তাঁকে সনদপত্র, ক্রেস্ট ও সম্মানী চেক দেওয়া হয়।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এ পুরস্কার চালু থাকলেও নির্ধারিত শর্ত পূরণ করে এর আগে কোনো বিদেশি শিক্ষার্থী এ সম্মাননা অর্জন করতে পারেননি বলে জানা গেছে। নিজ অনুষদের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জনের মাধ্যমে নাঈম রাজ এ সম্মাননা অর্জন করেন। এর মধ্য দিয়ে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ পুরস্কার পাওয়া প্রথম বিদেশি শিক্ষার্থী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
নাঈম রাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটার, সংস্কৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। একই সময়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ভারত সরকারের সম্মানজনক বৃত্তি লাভ করে উচ্চশিক্ষার জন্য ভারতে যান নাঈম রাজ। ওই বৃত্তির মাধ্যমে তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভারতীয় থিয়েটার বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভারতীয় থিয়েটারের তাত্ত্বিক, ব্যবহারিক ও সৃজনশীল বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন তিনি। আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও থিয়েটারকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার সুযোগও পান।
নাঈম রাজের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক বিভাগের পরিচালক অধ্যাপক কেওয়াল কৃষ্ণান তাঁর সাফল্যে আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক নমিতা গুপ্তা বলেন, “নাঈম রাজ শুধু বাংলাদেশের সম্পদ নন, তিনি তাঁদের বিশ্ববিদ্যালয়েরও সম্পদ। তাঁর সাফল্যে বাংলাদেশ ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয়—উভয়েরই নাম উজ্জ্বল হয়েছে।”
আরও পড়ুনঃ টাইব্রেকারে নালিতাবাড়ী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন নয়াবিল
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভারতীয় থিয়েটার বিভাগের চেয়ারম্যান ড. নবদ্বীপ কৌরও নাঈম রাজকে অভিনন্দন জানান। তাঁর এ অর্জনকে বিভাগের অর্জন উল্লেখ করে তিনি ভবিষ্যতে থিয়েটারের ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে ২০২০ সালে তরুণ বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফরম্যান্স আর্টে অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার অর্জন করেন নাঈম রাজ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভারত সরকারের বৃত্তির মাধ্যমে ভারতে উচ্চশিক্ষা, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন এবং আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ডিন অ্যাওয়ার্ড লাভ—নাঈম রাজের এ সাফল্য বাংলাদেশের তরুণ থিয়েটারকর্মী, শিল্পী ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



