
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বুধবার (২ সেপ্টেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। কোর্সটির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ। আর মসজিদে কোরআন শিক্ষা কার্যক্রমের মতো একটি উদ্যোগে উপস্থিত হতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।’
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে বহু আউলিয়া-দরবেশের আগমন ঘটেছে এবং তাঁদের মাধ্যমে এ দেশে ইসলামের শিক্ষা ও আদর্শ প্রচার ও প্রসার লাভ করেছে।
উপাচার্য আরও বলেন, বাংলাদেশের সমাজে ইসলামের শিক্ষা ও মূল্যবোধকে এগিয়ে নিতে কোরআন শিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়া ও শেখার সুযোগ তৈরির এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি কর্মসূচিটির সফলতা কামনা করেন।
আরও পড়ুনঃ জবিতে এআই ও আইটি ফেস্ট, অংশ নিচ্ছেন দেশ-বিদেশের প্রযুক্তিবিদরা
উদ্বোধকের বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআনের শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শুধু কোরআন তেলাওয়াত করাই যথেষ্ট নয়; এর ব্যাখ্যা-বিশ্লেষণ ও অন্তর্নিহিত শিক্ষা সম্পর্কেও জ্ঞান অর্জন করা প্রয়োজন। এ সময় তিনি সবাইকে নিয়মিত পবিত্র কোরআন তেলাওয়াত এবং কোরআনের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার লক্ষ্যেই এ কোর্স চালু করা হয়েছে। কোর্সের মাধ্যমে আগ্রহীরা শুদ্ধভাবে কোরআন পড়া, তেলাওয়াতের প্রয়োজনীয় নিয়ম-কানুন এবং কোরআনের মৌলিক শিক্ষা সম্পর্কে জানার সুযোগ পাবেন।



