
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে আধুনিকায়নের পাশাপাশি ল্যাব স্থাপন করা হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই বিভিন্ন ধরনের প্রাথমিক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পাবেন। পাশাপাশি জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স সুবিধারও ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও ল্যাব স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের আধুনিকায়ন গুরুত্বপূর্ণ। সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের কল্যাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) সহযোগিতা করায় তিনি সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে শুধু জকসু নয়, বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা সম্ভব।
মেডিকেল সেন্টারে স্থাপিত ল্যাবের মেশিন ও অ্যাম্বুলেন্স কীভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে শিগগিরই নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানান উপাচার্য। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর এসব সুবিধা ব্যবহারের পদ্ধতি ও সেবা পাওয়ার প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
ভবিষ্যতে জবি মেডিকেল সেন্টারকে আরও পূর্ণাঙ্গ চিকিৎসাকেন্দ্রে রূপ দেওয়ার পরিকল্পনার কথাও জানান উপাচার্য। এর অংশ হিসেবে সেখানে আই ইউনিট ও ডেন্টাল ইউনিট চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এসব ইউনিট চালু হলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ক্যাম্পাসেই চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ জবিতে বিনামূল্যে পবিত্র কোরআন শিক্ষা কোর্সের উদ্বোধন
এ বিষয়ে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “আমরা আমাদের দিক থেকে ক্ষুদ্র একটা চেষ্টা করেছি। এগুলো একটি রাষ্ট্রের প্রদান করার কথা। আমরা চাই, সকল শিক্ষার্থীর সুযোগ-সুবিধা নিশ্চিত হোক। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে পাঁচজন লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। আমরা আশা করি, এর মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কিছুটা হলেও নিশ্চিত হবে। আজকের উদ্বোধনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার একটি মাইলফলক স্পর্শ করল।”
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেডিকেল সেন্টারে ল্যাব সুবিধা চালু হলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্পাসেই করা সম্ভব হবে। এতে সাধারণ পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন কমবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সুবিধা চালু হলে জরুরি রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, পরিচালক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি, জিএসসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



