
আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তাঁরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পেয়ারা, কাঁঠাল, লেবু ও আমড়াসহ বিভিন্ন ফলদ গাছের পাশাপাশি নিম ও অর্জুনের মতো ঔষধি গাছের চারা রোপণ করেন। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় দেশীয় প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই। তবে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।
আরও পড়ুনঃ শিক্ষকতা শুধু একটি পেশা নয়, দায়িত্ববোধের নাম
তিনি পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পরিকল্পিত বৃক্ষরোপণ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. রাশাদুল হক, সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ শহিদুল্লাহ তাসফিক, সহযোগী অধ্যাপক সুমন কুমার মজুমদার, সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান।



