― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলীকদমে আদালত চালু করতে আইনমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রতিমন্ত্রী হেলাল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ বান্দরবানের দুর্গম উপজেলা আলীকদমে দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে থাকা ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ (আলীকদম চৌকি) পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত বিচারিক কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও বিশেষ সহযোগিতা চেয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপিকে উপানুষ্ঠানিক আধা-সরকারি পত্র (ডি.ও. লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই পত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ১৯৮২ সালে আলীকদমে ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে বিচারিক ভবন নির্মাণ করা হলেও সেখানে এখনো নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়নি। ফলে উপজেলার বাসিন্দাদের বিচারিক সেবা নিতে জেলা শহর বান্দরবানে প্রায় ১১১ কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিচারপ্রার্থীদের বিপুল সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে। বিশেষ করে নারী, প্রবীণ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দূরবর্তী এই যাতায়াত আইনি সেবা পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ডি.ও. লেটারে আরও জানানো হয়, আলীকদমে সেনানিবাস, মডেল থানা ও বিজিবি ব্যাটালিয়নসহ প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা অবকাঠামো রয়েছে। এ ছাড়া আগে নির্মিত আদালত ভবনটি প্রয়োজনীয় সংস্কার ও উপযোগী করার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম শুরু করা সম্ভব বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

পরিবেশ ও সামাজিক সংগঠন ‘গ্রিন পলিসি মুভমেন্ট’-এর আহ্বায়ক মো. মহিউদ্দিন (বন্ধু)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় নথি পাঠিয়েছে বলে জানা গেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রীর দপ্তরের সুপারিশসহ পত্রটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৪-এ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়তে জবির দ্বিতীয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ

জনস্বার্থ, ন্যায়বিচার এবং পাহাড়ি প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কথা বিবেচনায় নিয়ে আলীকদমে ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত’ দ্রুত পুনঃপ্রতিষ্ঠায় আইনমন্ত্রীর হস্তক্ষেপ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ কামনা করেছেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠার আবেদনকারী গ্রিন পলিসি মুভমেন্টের সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) বলেন, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকার মানুষের ন্যায়বিচারপ্রাপ্তি সহজ করতে স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা চালু করা গুরুত্বপূর্ণ। এ কারণে বন্ধ হয়ে যাওয়া আলীকদম চৌকি আদালত পুনঃপ্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাঁরা।

আলীকদমের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগের জন্য ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং গ্রিন পলিসি মুভমেন্টের প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু)-এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।