
বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মোঃ আবু তাহের। তিনি সৈয়দপুর কল্যানীর স্থায়ী বাসিন্দা এবং বীরগঞ্জ থানার মামলা নম্বর ৮, তারিখ ১৪ অক্টোবর ২০২৪ এর বাদী।
আবু তাহের বলেন, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি’র তৃণমূল কর্মী এবং দলের সভাপতি ও কয়েকজন নেতাকর্মীর পরামর্শ ও চাপের মুখে এজাহারে স্বাক্ষর করেছিলেন।
আবু তাহের জানান, ২০২৩ সালের ঘটনাকে কেন্দ্র করে সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল, ইয়াসিন আলী, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ খালেক সরকার, রবিউল ইসলাম, এবং রফিকুল ইসলামসহ মোট ৮/১০ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছিল। কিন্তু তার অভিযোগ, মামলার এজাহারে অজ্ঞাতসারে আরও ৬৭ জনের নামসহ অজ্ঞাতনামা ২০০ জনকে জড়িয়ে দেওয়া হয়, যা তিনি মোটেও সমর্থন করেন না।
আরও পড়ুনঃ বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগর কমিটির নেতৃত্বে জুয়েল-রকি
আবু তাহের বলেন, “আমি স্বল্প শিক্ষিত একজন সাধারণ মানুষ, তাই আমাকে ব্যবহার করে অনেকেই তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমার সরলতার সুযোগ নেওয়া হয়েছে। তাই আমি এই মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার সাথে উপস্থিত ছিলেন মামলার সাক্ষী মোঃ হাফিজুর রহমান। এছাড়াও তিনি মামলায় নিরপরাধ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু হোসাইন বিপু, সাবেক মেয়র মোশারফ হোসেন এবং তাদের পরিবারকে জড়ানোর বিষয়ে দুঃখপ্রকাশ করেন।
আবু তাহের এ ঘটনায় মর্মাহত ও দুঃখিত হয়েছেন এবং মামলাটি প্রত্যাহারের জন্য সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।



