
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেয় জেলা সিএনজি অটোরিকশা মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, সিএনজি মালিক সমিতির সভাপতি মনছুর আহমেদ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম লিটন, সেক্রেটারি সৌরভ হোসেন ভুলু, শ্রমিক নেতা ফিরোজ মাহমুদ মিরজু ও জাহাঙ্গীর আলম।
গত বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে গর্ভবতী এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ট্রাফিক পুলিশ একটি অটোরিকশা আটক করে চালককে হয়রানি করে। এ ঘটনায় শ্রমিকদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। তবে পুলিশের পক্ষ থেকে এটি হামলার ঘটনা বলে দাবি করে ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার মধ্যে ২০ জনের নাম উল্লেখ করা হয়। ইতোমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।
বক্তারা দাবি করেন, আগামী রোববার (১৯ জানুয়ারি) এর মধ্যে মামলা প্রত্যাহার করে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি দিতে হবে। অন্যথায়, কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
আরও পড়ুনঃ নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭০ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মানববন্ধনে শ্রমিক ও মালিক সমিতির নেতারা দ্রুত সমাধানের জন্য পুলিশের প্রতি আহ্বান জানান।



