
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক বালু ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উপজেলার সদর ইউনিয়নের বাগেরবাজার এলাকায় ধরলা নদী থেকে ট্রাক্টর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল একটি সিন্ডিকেট।
খবর পেয়ে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধ বালু উত্তোলন বন্ধে সেখানে পুলিশসহ অভিযান চালান। এসময় ট্রাক্টরের দেখা না পেলেও বালু উত্তোলনকারী সিন্ডিকেটের মূলহোতা রফিক মিয়া (৩৮) কে আটক করা হয়।
পরে আটক রফিক মিয়া অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতে নগদ এক লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান। তিনি কুড়িগ্রাম জেলা উলিপুর উপজেলার পাঁচপীর ইউনিয়নের গোড়াইবাড়ী মুন্সীপাড়ার মৃত আকবর আলীর ছেলে।
আরও পড়ুনঃ ইবি প্রশাসনের বৈষম্যমূলক ইফতার আয়োজন, ছাত্রনেতাদের প্রতিবাদ
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে একজনের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমাদের ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।



