
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা ও অ্যাসিড তৈরির অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পরিবেশ দূষণকারী ওই কারখানাটি সিলগালা করা হয়েছে।
বুধবার (২০মে) সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওলি মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র জনবসতিপূর্ণ এলাকার পাশে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা ও অ্যাসিড তৈরি করে আসছিল। এতে নির্গত বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছিল বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে একটি নামবিহীন কারখানায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা ও অ্যাসিড তৈরির প্রমাণ পাওয়া যায়।
আরও পড়ুনঃ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে ইবি, আবাসিক হল বন্ধ ১৫ দিন
পরবর্তীতে অবৈধ ও অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার দায়ে আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সেটি সিলগালা করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ, ঝিলিম ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা সহযোগিতা।



