

শেখ নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিসঃ সড়ক দুর্ঘটনায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ ও মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ঢাকা ও ময়মনসিংহগামী উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে মহাসড়কের গাজীপুরা ওভারব্রিজের নিচে কাভার্ড ভ্যানের চাপায় ইয়াসিন আলী নামের তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন।
বিক্ষোভের সময় শিক্ষার্থীরা মহাসড়কের চার থেকে পাঁচটি পয়েন্টে ভাগ হয়ে অবস্থান নেন। তারা সব ধরনের যান চলাচল বন্ধ করে মাদ্রাসার সামনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুনঃ শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের বৃক্ষ বিতরণ কর্মসূচী
পরে বেলা আড়াইটার দিকে সিটি প্রশাসক শওকত হোসেন সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদ্রাসার প্রধান ফটকে পৌঁছান। মাদ্রাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান তাদের অভ্যর্থনা জানিয়ে মাদ্রাসার অভ্যন্তরে নিয়ে যান।
সেখানে প্রশাসন, পুলিশ কর্মকর্তা, মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে আশ্বাস দেওয়া হয়।
আলোচনা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।