
মো:রেজাউল করিম,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশন ও স্থল বন্দর ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন ও ১দিন সাপ্তাহিক বন্ধ থাকায় মোট ৭ দিন বন্ধ থাকবে।
এ সময়ে শুদ্ধ স্টেশন ও স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ারডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, আগামী ১৭ জুন ঈদুল আযহা হওয়ায় ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত ৬ দিন এবং ১ দিন সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। তবে বুড়িমারী পুলিশ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীসাধারণের চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্মকর্তা।
বন্ধের ঘোষণা দিয়ে একটি চিঠি গত ৪ জুন বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), বন্দর কর্তৃপক্ষ, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন,, বুড়িমারী বিজিবি কমান্ডার, পুলিশ ইমিগ্রেশন ও ভারতীয় চ্যাংরাবান্ধা ও ভুটান স্থল শুল্ক স্টেশন কাস্টমস্, চ্যাংরাবান্ধা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনকে দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। ২১ জুন থেকে যথারীতি আমদানি- রপ্তানি কার্যক্রম চাল করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দ ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপপরিদর্শক আহসান হাবিব বলেন, ‘ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, সারা দেশের স্থলবন্দরের বাবসায়ীদের সাথে কথা বলে ও সমন্বয় করে ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান জানান, এ স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ৭ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে। ব্যবসায়ীরা আমদানি- রপ্তানি না করলে কার্যত অচল হয় স্থল শুল্ক স্টেশন।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, ঈদে ৭ দিন স্থলবন্দর বন্ধ রাখার ঘোষণা দিয়ে চিঠি দিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।



