
মোঃ আব্দুল আলিম, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর চারটি সরকারি কলেজ—রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং রাজশাহী নিউ গভ: ডিগ্রি কলেজ—এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তির কার্যক্রম পরিচালনা করবে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসব কলেজের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার সম্ভাবনা থাকলেও, এখনো সে প্রক্রিয়া কার্যকর হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি-রেজিস্ট্রার আবুল কাশেম। তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই চারটি কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান বলেন, “অধিভুক্ত কলেজগুলোর ভর্তির বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
আরও পড়ুনঃ ছাত্রলীগের সহায়কদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে ইবি প্রশাসন
রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী জানান, “গত সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি নোটিশ পেয়েছি। পূর্বের নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরু করেছি।”
অধিভুক্তির বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তহীনতা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই ভর্তি কার্যক্রম চলার এ বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।



