
বেরোবি প্রতিনিধি: বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষক ও এক শিক্ষার্থী।
শনিবার (২০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক খ্যাতনামা চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর যৌথ জরিপে এ তালিকা প্রকাশিত হয়।
তালিকায় বেরোবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, একই বিভাগের শিক্ষার্থী অভিজিৎ ঘোষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম স্থান পেয়েছেন।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস রহমান গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বও পালন করছেন। অর্জন প্রসঙ্গে তিনি বলেন, “যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা দুইজন শিক্ষক ও একজন শিক্ষার্থী এ তালিকায় স্থান পেয়েছি। আশা করি ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। গবেষণায় বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ ধরনের অর্জন কোনো ব্যক্তিকেন্দ্রিক বিষয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের।”
আরও পড়ুনঃ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিমানবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী এই অর্জনে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আমি গবেষণায় তাদের আরও উদ্বুদ্ধ করবো, যাতে তারা গবেষণার ক্ষেত্র প্রসারিত করতে পারেন। এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গবেষণা সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও ভালো অবস্থান অর্জন করতে সক্ষম হবে।”
উল্লেখ্য, ‘এলসেভিয়ার’ প্রতিবছর প্রায় দুই হাজারেরও বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা দুই লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে সংরক্ষিত আছে সাত মিলিয়নেরও বেশি প্রকাশনা।



